ঢাকা, সোমবার, ২০ জুলাই, ২০২৬

আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হচ্ছে ‘বিদ্রূপে বিদ্রোহ’

২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত ঐতিহাসিক ৩৬ দিনের গণআন্দোলনের প্রথম বর্ষপূর্তিতে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা ও ইয়ার্কির উদ্যোগে শুরু হচ্ছে ছয় দিনের প্রদর্শনী ‘বিদ্রূপে বিদ্রোহ’। প্রদর্শনীটি ৩১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে চলবে। এটি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


এই আয়োজনে তুলে ধরা হবে কীভাবে ব্যঙ্গ রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিরোধের শক্তি হিসেবে কাজ করে। আয়োজকেরা জানান, রক্তাক্ত সেই জুলাইয়ের দিনগুলোতে নাগরিকেরা ন্যায়বিচার ও গণতন্ত্রের দাবিতে রাস্তায় নামেন, এবং কার্টুন, মিম, দেয়ালচিত্র, ভিডিও, প্রতিবাদী গান ও কবিতার মাধ্যমে প্রতিবাদ জানান। সৃজনশীলতার শক্তি আন্দোলনকে আরও প্রাণবন্ত করে তোলে। রসিকতা, বিদ্রূপ এবং অকপট সমালোচনার মাধ্যমে ব্যঙ্গ হয়ে ওঠে দমন-পীড়নের বিরুদ্ধে সংগ্রামের সম্মিলিত আহ্বান।‘বিদ্রূপে বিদ্রোহ’ প্রদর্শনীতে থাকছে—


ব্যঙ্গচিত্র, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ও পথচিত্রের একটি সংরক্ষিত আর্কাইভ


প্রতিবাদী গান ও কবিতা পাঠ


ভিডিও ইনস্টলেশন


লাইভ পারফরম্যান্স, যার মধ্যে রয়েছে প্রভোকেটিভ মঞ্চনাটক Drama Queen (নাটক কম করো প্রিয়) ইন্টারঅ্যাকটিভ সেশন ও অংশগ্রহণমূলক কার্যক্রম ইয়ার্কির একজন মুখপাত্র বলেন, ‘ব্যঙ্গ সবসময়ই বঞ্চিতদের অস্ত্র—ক্ষমতার প্রতি হাসি ছুড়ে দিয়ে এর অযৌক্তিকতাকে উন্মোচিত করার উপায়। এই প্রদর্শনী তাদের জন্য এক শ্রদ্ধাঞ্জলি, যারা সাহস এবং বুদ্ধিদীপ্ত কৌতুকের মাধ্যমে অন্ধকার সময়েও সত্য কথা বলতে পিছপা হননি।’


এই প্রদর্শনী শুধু একটি আর্ট শো নয়, বরং একযোগে স্মরণ, প্রতিরোধ এবং রাজনৈতিক জীবনে ব্যঙ্গের চিরকালীন ভূমিকা নিয়ে আলোচনার একটি ক্ষেত্র হয়ে উঠতে চায় বলে জানিয়েছেন আয়োজকেরা।

ads
ads
ads

Our Facebook Page